মানুষের ব্রেনে পাওয়া গেছে জীবিত কৃমি
পোস্ট ডেস্ক :

প্রথমবারের মতো একজন মানুষের ব্রেনের ভিতর থেকে বের করা হয়েছে জীবন্ত একটি কৃমি। অস্ট্রেলিয়ায় ৬৪ বছর বয়সী এক নারীর ব্রেনের ভিতর তা শনাক্ত করা হয়। ফলে মানুষের ব্রেনে প্রথমবারের মতো কৃমির সংক্রমণ এটাই বলে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) এবং ক্যানবেরা হাসপাতালের চিকিৎসকরা ও গবেষকরা ওই নারীর মাথায় কৃমির অবস্থান শনাক্ত করেন। তারা দেখতে পান ওই নারীর ব্রেনের ভিতর অবস্থানকারী কৃমির দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার। এর বৈজ্ঞানিক নাম ওপিদাস্কারিস রোবার্টসি। অপারেশন করে যখন কৃমিটি উদ্ধার করা হয়, তখনও তা জীবিত ছিল এবং নড়াচড়া করছিল। ধারণা করা হচ্ছে, এই কৃমির লার্ভা ওই নারীর ফুসফুস ও লিভার সহ অন্য অঙ্গও সংক্রমিত করেছে। এএনইউ এবং ক্যানবেরা হাসপাতালের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ সঞ্জয় সেনানায়েকে বলেছেন, বিশ্বে মানুষের দেহে এই কৃমির প্রথম ঘটনা। কোনো স্তন্যপায়ী প্রজাতি, মানুষ বা অন্য প্রাণীর ব্রেনেও এটা পাওয়ার ঘটনা এই প্রথম।
একে রাউন্ডওয়ার্ম বা গোলকৃমিও বলা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র স্তন্যপায়ীদের মধ্যে সাধারণত এর লার্ভা দেখতে পাওয়া যায়। ইমার্জিং ইনফেসশিয়াস ডিজিজেস জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে।




