বাইডেনের কনভয়ের চালক

Published: 10 September 2023

পোস্ট ডেস্ক :
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবহেলায় গাড়ি চালানোর দায়ে প্রেসিডেন্টের কনভয়ের একজন চালককে দিল্লিতে আটক করা হলো। যদিও সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সূত্র জানিয়েছে যে, আমেরিকান প্রেসিডেন্টের কনভয়ের একটি গাড়ি তাজ হোটেলে প্রবেশ করার পরে ঘটনাটি ঘটেছে, যেখানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অবস্থান করছিলেন, তিনিও নয়াদিল্লিতে জি -২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসেছেন ।

গাড়িতে বেশ কয়েকটি স্টিকার থাকায় ঘটনাস্থলে নিরাপত্তা কর্মকর্তারা একটি বার্তা ফ্ল্যাশ করেন। জিজ্ঞাসাবাদের সময় ওই গাড়িরচালক জানান, তার আইটিসি মৌর্যতে অর্থাৎ যেখানে বাইডেন রয়েছেন, সেখানে পৌঁছনোর কথা ছিল।

এদিকে একজন ব্যবসায়ীকে নামাতেই দ্রুত তাজে পৌঁছন তিনি। ওই ব্যবসায়ীকে লোধি এস্টেট এলাকা থেকে গাড়িতে তুলেছিলেন। গাড়ির চালক এও জানান, তিনি প্রোটোকল সম্বন্ধে অবগত ছিলেন না। পরবর্তীতে গাড়িটিকে কনভয় থেকে সরিয়েও দেওয়া হয়। দুই দিনের জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান বাইডেন এবং একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনায় বসেন। রবিবার সকালে দিল্লিতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে শ্রদ্ধা নিবেদনের পর তিনি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হন।

সূত্র : ইন্ডিয়া টুডে