লিবিয়ায় বন্যায় নিহত ৩ হাজার, নিখোঁজ অন্তত ১০ হাজার
পোস্ট ডেস্ক :

লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানার পর বন্যায় মৃতের সংখ্যা অন্তত তিন হাজার ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ হাজার মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি) এ তথ্য জানিয়েছে।
গত রোববার ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর ডেরনা শহরের ২৫ শতাংশ বিলীন হয়ে গেছে। অসংখ্য ভবন ধসে পড়েছে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকার পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতেও বন্যা হয়েছে। এ অঞ্চলের মিরসাতা শহরে বেশি ক্ষতি হয়েছে।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি উৎখাত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়া রাজনৈতিক অস্থিরতা চলছে। এ কারণে দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। রাজধানী ত্রিপোলি থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তর্বর্তী সরকার ও পূর্বাঞ্চলে আরেকটি সরকার কার্যকরভাবে দেশটিকে বিভক্ত করে রেখেছে। লিবিয়ায় দুটি সরকার থাকার কারণে সহায়তায় বাধার সৃষ্টি হচ্ছে। অনেকেই সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু সাহায্য আসছে না।




