সাড়ে ১৬ হাজারে বিক্রি হলো দুই চিতল
পোস্ট ডেস্ক :

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ১৫ কেজি ওজনের দুটি চিতল মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলার উলিপুর উপজেলার নদীর বেগমগঞ্জ ইউনিয়ন অংশে মাছ দুটি ধরেন আবু তালেব নামের এক জেলে।
স্থানীয়রা জানায়, আবু তালেব নিয়মিত ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ শিকার করেন।
রবিবারও তিনি মাছ ধরতে নদে নামেন। এদিন দুটি বড় চিতল মাছ ধরতে সক্ষম হন। এর মধ্যে একটি মাছের ওজন ৭ কেজি এবং অপরটির ওজন ৮ কেজি। পরে মাছ দুটি স্থানীয়দের কাছে প্রতি কেজি এক হাজার ১০০ টাকা দরে বিক্রি করেন।
আবু তালেব বলেন, ‘নদের গভীর পানিতে জাল ফেলি। পরে অক্সিজেনের মাধ্যমে নদে ডুবে জালের ভেতর থেকে মাছ ধরি। দুটি বড় চিতল মাছ ধরেছি। পরে এলাকায় বিক্রি করে দিয়েছি।
’
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, ‘মাছের অভয়াশ্রম গড়ে তোলার কারণে বংশবৃদ্ধি হচ্ছে। জনসাধারণ আরো সচেতন হলে মাছের প্রজনন ক্ষমতা বাড়বে।’




