মার্কিনিদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
পোস্ট ডেস্ক :

নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আকাশসীমা মঙ্গলবার থেকে আংশিকভাবে খুলে দেয়ার পর বুধবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো। খবর আনাদোলু এজেন্সির।
বাণিজ্যিক ফ্লাইটের হালনাগাদ তথ্য পেতে ইরানের স্থানীয় মিডিয়ায় চোখ রাখার পরামর্শ দিয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস। এ ছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানে ইরান ত্যাগ করতে পারবেন না, তাদের আর্মেনিয়া, তুরস্ক এবং তুর্কমেনিস্তানের সীমান্তে যোগাযোগ করতে বলা হয়েছে।
দূতাবাসের বিবৃতিতে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে যে, তারা যেন আফগানিস্তান, ইরান বা পাকিস্তান-ইরান সীমান্তে ভ্রমণ না করে। মার্কিনিরা ইরানে এই মুহূর্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও বন্দি হওয়ার ঝুঁকিতে আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
যারা কোনোভাবেই ইরান ছাড়তে পারবে না, তাদের নিরাপদ স্থানে এবং জানালা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দিলেও যেকোনো সময় আবার যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে।
ইরান ইতিমধ্যে জানিয়েছে, তারা ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণাকে বিশ্বাস করে না। দেশটি বলেছে, এই যুদ্ধবিরতির আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।




