যুদ্ধের শঙ্কা, সৌদি বিমান ঘাঁটিতে নতুন অস্ত্র মোতায়েন মার্কিন বাহিনীর

Published: 22 April 2026

পোস্ট ডেস্ক :


সৌদি আরবের প্রধান একটি বিমান ঘাঁটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন ইউক্রেনীয় ড্রোন-বিরোধী প্রযুক্তি মোতায়েন করেছে মার্কিন বাহিনী। বিষয়টির সঙ্গে জ্ঞাত অন্তত পাঁচটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে স্কাই ম্যাপ হিসেবে পরিচিত ইউক্রেনীয় কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল প্লাটফর্ম মোতায়েন করা হয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে শুধু ইউক্রেনের সামরিক বাহিনী ব্যবহার করতো। আসন্ন ড্রোন হামলা শনাক্ত ও প্রতিহত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।

রয়টার্স বলছে, সম্প্রতি ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সৌদি আরবের বিমান ঘাঁটিতে যান। সেখানে তারা স্কাই ম্যাপ ব্যবহার করে মার্কিন যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হলে সৌদির প্রিন্স সুলতান ঘাঁটি ব্যাপকভাবে শাহেদ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। তাই নতুন করে যুদ্ধ শুরু হলে এসব হামলা যেন প্রতিহত করা যায় তাই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।