উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ : চ‍্যাম্পিয়ান বিবিটি সিডাব্লিউ মিডিয়া, রানার আপ অনলাইন ওয়ারিয়র্স

Published: 3 September 2026

লন্ডন, ২ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিবিটি সিডাব্লিউ মিডিয়া, রানার আপ হয়েছে অনলাইন ওয়ারিয়র্স ও তৃতীয় স্থান অর্জন করেছে চ‍্যানেল এস।
রবিবার ৩০ আগস্ট ইলফোর্ডের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে বৃটেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন । এতে মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য, দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত লড়াই উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
ফাইনালে টসে জিতে ব্যাটিং করে বিবিটি সিডাব্লিউ মিডিয়া ৮ ওভারে ১১৬ রান করে । জবাবে অনলাইন ওয়ারিয়র্স শুরুতে রান তাড়া করতে গিয়ে উইকেট হারালে রান রেইট বাড়তে থাকে । ৮ ওভার শেষে তারা ৭৮ রান সংগ্রহ করে ফলে বিশাল ব্যবধানে সিডাব্লিউ মিডিয়া শিরোপা অর্জন করে। ফাইনালে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন জাফর নিয়াজ। টুর্নামেন্টের সেরা ব‍্যাটসম‍্যান নির্বাচিত হয়েছেন এখলাছুর রহমান পাক্কু ও সেরা বোলার নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান ।


খেলা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি আকরামুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান । এসময় টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এক্সেল টিউটরের পক্ষে বক্তব্য রাখেন আনিসুজ্জামান, প্রিন্ট ল্যাবের পক্ষে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সদস্য ওমর ফারুক ও একতা একাডেমির পক্ষে বক্তব্য রাখেন মিজান রহমান । এছাড়া ফিস্ট এন্ড মিস্টি, ফুডবাজার, কিলার উইলিয়াম ও রমফোর্ড রাইডার্স ক্রিকেট টুর্নামেন্টের গর্বিত স্পন্সর ছিলো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, অতিথি, স্পন্সর ও আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে টুর্নামেন্ট সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। তিনি আগামীতে এই টুর্নামেন্টে অব‍্যাহত রাখতে ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি টুর্নামেন্টে আরো বেশি টিম অংশগ্রহণ করার ব‍্যাপারে সকলকে এগিয়ে আসার আহবান জানান ।
ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্লাব সেক্রেটারি আকরামুল হোসাইন টুর্নামেন্টের সাব কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, দূর দুরান্ত থেকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ক্লাব সদস্যরা এসেছেন তাতে ক্রিকেটের প্রতি তাদের আগ্রহের বহিঃপ্রকাশ । টুর্নামেন্টে সফল করায় তিনি এক্সিকিউটিভ কমিটির সকলকে ধন্যবাদ জানান ।


ক্লাব ট্রেজারার আব্দুল হান্নান টুর্নামেন্টের সকল স্পন্সরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব‍্যয়বহুল এই ক্রিকেট টুর্নামেন্ট স্পন্সরদের সহযোগিতা ছাড়া সফলভাবে সম্পন্ন করা চ্যালেঞ্জিং ছিলো। সকলের সহযোগিতায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, নির্বাহী সদস্য সারওয়ার হোসাইন, শাহিদুর রহমান সুহেল ও লোকমান হোসেন কাজী।