বগুড়ার ধুনটে ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ ১৪৪ ধারা জারি
পোস্ট ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের মুজিব চত্বর ও তার আশপাশের ৪০০ গজ এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে।

বিষয়টি নিশ্চিত করে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী বিচারক সঞ্জয় কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশ আহ্বান করেন। ছাত্রলীগের দু’পক্ষের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এ অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুজিব চত্বর এলাকায় বিকট শব্দে পর পর ৭টি ককটেল বিস্ফোরিত হয়। এ কারণে শহরে মাইকিং করে ১৪৪ ধারা ঘোষণা করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিও প্রচার করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুয়ায়ী, বৃহস্পতিবার মুজিব চত্বর ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিটিং, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।




