নিজের পাঁতা ফাঁদে নিজের জীবনাবসান

Published: 19 April 2021

পোস্ট ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে বনবিড়াল মারার জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার শিয়ালমারী গ্রামের তুরাপ আলীর ছেলে বকুল হোসেন (৩০)। সোমবার ভোরে শিয়ালমারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, বকুল হোসেন দীর্ঘদিন ধরে কবুতর পালতেন। সম্প্রতি বনবিড়াল এসে তার কবুতর খেয়ে ফেলছিল। বনবিড়াল দমনে তিনি নিজেই একটি বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। গত রবিবার (১৮ এপ্রিল) রাতে কবুতরের ঘরের পাশে ফাঁদটি পেতে রাখে। রাতে বনবিড়ালের উপস্থিতি টের পেয়ে বকুল হোসেন ঘুম থেকে উঠে বনবিড়াল মারতে যান। এ সময় ফাঁদের বৈদ্যুতিক তারে তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে মারা যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।