বিস্কুট খেয়ে ফেলায় শিশুকে গলা টিপে হত্যা
বিশেষ সংবাদদাতা :

নাটোরের নলডাঙ্গায় বিস্কুট খেয়ে ফেলায় ক্ষিপ্ত হয়ে আহসান হাবিব (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করে লাশ পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে রাখে তারই চাচাতো ভাই আসিফ আলী (১৫)। ঘাতক কিশোরকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাবিব মহিষডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। আটককৃত আসিফ আলী নাজির উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, রবিবার দুপুরে হাবিব তার চাচাতো ভাই আসিফের বাড়িতে রাখা বিস্কুট খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে আসিফ হাবিবকে মারধর করে ও গলা ধরে ওপরে তুলে নিচে আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। পরে রাত ৯টার দিকে হাবিবের মৃতদেহ পাশে ভুট্টা ক্ষেতে লুকিয়ে রাখে। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের ভুট্টা ক্ষেতে হাবিবের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত আসিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।




