ঈশ্বরদী পৌর সভায় ১১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Published: 22 June 2021

বিশেষ সংবাদদাতা :


পাবনার ঈশ্বরদী পৌর সভায় ২০২১-২২ অর্থ বছরের জন্য ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার ২৬৯ দশমিক ১১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবারবিকেলে ঈশ্বরদী পৌরসভা মিলনায়তন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান।

এটি নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথার দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেট ঘোষণা। এর আগের মেয়র আবুল কালাম আজাদ মিন্টু চলতি ২০২০-২১ অর্থ বছরের জন্য ২৬৮ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১১৫ দশমিক ৯৩ টাকার বাজেট ঘোষণা করেন। পরবর্তিতে তা সংশোধিত হিসেবে ৮০ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৮৩০ দশমিক ৪৮ টাকায় নামিয়ে আনা হয়।

বাজেট ঘোষণা ও উন্মুক্ত আলোচনায় পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা, পৌরসভার সচিব জহুরুল ইসলামসহ নির্বাচিত কাউন্সিল, শিক্ষানুরাগী, সুধিমহলসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত বাজেট আলোচনায় প্রশ্নের জবাবে পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান বলেন, করোনাভাইরাস মহামারির কারণে পুরো বাজেট ঘোষণা করা সম্ভব না হওয়ায় খচরা বাজেট ঘোষণা করা হলো।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা আলোচনায় ও প্রশ্নের জবাবে বলেন, বাজেটটিতে ভৌত অবকামাঠো উন্নয়ন, শহরের জলাবদ্ধতা দূরীকরণ, ময়লা আবর্জনামুক্ত পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ বাজেটে শহরবাসীর জন্য আপদকালীন বিষয়ে কিছু উন্নয়ন কর্মসূচির পরিকল্পনা রাখা হয়েছে।

ঈশ্বরদী শহরকে আধুনিক ও ডিজিটাল পৌর সভা গড়ার স্বপ্ন ব্যত্যয় করে মেয়র ইছাহক আলী আরো বলেন, শহরে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেস ব্যবস্থা ও চলাচলের জন্য রাস্তাঘাট সংস্কার এবং সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে শহরকে ক্রাইম মুক্ত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সিসি ফুটেজ ক্যামেরা স্থাপন করা হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র।