চাদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Published: 24 June 2021

বিশেষ সংবাদদাতা :


চাঁদপুর শহরে ভাড়া বাসায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খান সড়ক এলাকার তৃতীয় তলার বাসা থেকে পুলিশ রেহানউদ্দিন মিজি নামে এই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।

ঘটনার সময় নিহতের স্বজনরা বাসায় ছিলেন না। তাদের অভিযোগ, বাড়ির দারোয়ান পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সেই দারোয়ান।

তিনদিন আগে স্ত্রী পারভিন আক্তার সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি শরীয়তপুরে যান। এ সময় বাসায় একাই ছিলেন ব্যবসায়ী রেহানউদ্দিন মিজি (৫৫)। বৃহস্পতিবার বিকেলে তাকে মুঠোফোন করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা চাঁদপুরে ফিরে আসেন। পরে তারা বাসায় ফিরে দেখেন রেহানউদ্দিন মিজির রক্তাক্ত মৃতদেহ বিছানায় পড়ে আছে।

ব্যবসায়ী রেহানউদ্দিন মিজি হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বেশ কয়েকটি সংস্থা এরইমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এমন তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়।

তিনি বলেন, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে এরইমধ্যে ডিবি, সিআইডি, পিবিআই এবং সদর মডেল থানা পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ এবং কে বা কারা জড়িত তা দ্রুত উদঘাটন করতে সংশ্লিষ্ট পুলিশ সক্ষম হবে।