কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
কুলাউড়া সংবাদদাতা :

কুলাউড়ায় বেপরোয়া বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে মারা গেলেও অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৫ জুন) বিকাল ৬টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মিন্টু মিয়া ও আনোয়ার মিয়া কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই এলাকার খোকন মেম্বারের বোন জামাই হলেন আনোয়ার মিয়া। শুক্রবার ছুটির দিনে সেখানে (শ্বশুর বাড়ি) মোটরসাইকেলযোগে (মৌলভীবাজার-হ-১২৭৬১১) বেড়াতে গিয়েছিলেন আনোয়ার। সাথে নিয়ে গিয়েছিলেন তার মালিকানাধীন মিলি প্লাজায় অবস্থিত কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক মিন্টু মিয়াকে। খোকন মেম্বারের বাড়ি পুরশাই থেকে কুলাউড়ায় ফেরার পথে রবিরাজার-কুলাউড়া সড়কে উঠামাত্র সাইকেলের পিছন দিকে সজোরে ধাক্কা মারে বালুবাহি ট্রাক। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিন্টু মিয়া মারা যান। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় আনোয়ার মিয়াকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেটের ওসমানি হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর তিনিও মারা যান। কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে এখনো রয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। নিহতেদে পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




