চট্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি খুন

Published: 26 June 2021

বিশেষ সংবাদদাতা :


চট্টগ্রামের আনোয়ারায় গাছের ডালপালা কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে রতন দাশ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে দিকে উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ টিটু ভৌমিকের ছেলে নিলয় কিশোর ভৌমিক (১৭) নামের একজনকে আটক করেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে রতন দাশের সঙ্গে পাশের ঘরের মিন্টু ভৌমিক ও টিটু ভৌমিকের মধ্যে দুইটি গাছের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিলো। কয়েক মাস আগে রতন দাশ ওই গাছ থেকে ডালপালা কাটলে প্রতিপক্ষ বাধা দেয়। ওই সময় এ বিষয়ে থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার নিষেধাজ্ঞা দেয়। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার মিন্টু ভৌমিক ও তার পরিবারের লোকজন গাছ কাটতে গেলে রতন দাশ বাধা দেন। এ সময় দা দিয়ে তাকে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, এটি নির্মম হত্যাকাণ্ড। আমরা এর বিচার দাবি করছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গাছের দখল ও গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।