তাপসের প্ররোচনায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে দুদক: খোকন
বিশেষ সংবাদদাতা :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুদক ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র সাঈদ খোকন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, মেয়র তাপস নিজের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে বারবার আমার ওপর অভিযোগ করে আসছেন। আমার ও আমার পরিবারের যে ৮ ব্যাংক হিসাব (৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬০৩ টাকা) বন্ধের উদ্যোগ নেয় দুদক। বর্তমান মেয়র তাপসের প্ররোচনায় এটি করা হয়েছে বলে আমি বিশ্বাস করি। তার ব্যর্থতা ঢাকতে এখন দুদককে ব্যবহার করে মামলা দিয়েছে। আমার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছে বিচারিক আদালত।
তিনি আরো বলেন, দুদক তদন্ত করলে আমার ও আমার পরিবারের কোনো আপত্তি নেই। আমি অ্যাকাউন্টগুলো চালু করার দাবি জানাচ্ছি। নয়তো আমার পরিবার এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। কর্মচারীদের বেতন দিতে পারবো না, আমাদের চলাও কষ্টকর হবে। এছাড়া সন্দেহের বশবর্তী হয়ে একজন সম্মানিত মানুষের সম্মান ক্ষুণœ করা কোনোভাবেই কাম্য হতে পারে না।
ঢাকার শেষ সর্দার মালেক সর্দারের কন্যা, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে, এটা ঢাকাবাসী মেনে নেবে না।




