লকডাউনে মসজিদে নামাজ আদায়ে বিশেষ নির্দেশনা

Published: 30 June 2021

বিশেষ সংবাদদাতা :


করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদে নামাজ আদায়ে কিছু বিধি-নিষেধ দিয়েছে সরকার। মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে আসতে হবে। ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে। মুসলীদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে; কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শিশু, বৃদ্ধ, যেকোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। মসজিদের ওযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। নির্দেশনা লঙ্ঘন করলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণবাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।