খুলনা ও বরিশালে করোনায় ৪৪ জনের মৃত্যু

Published: 2 July 2021

বিশেষ সংবাদদাতা :


খুলনা ও বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে রোগীদের ভীড় বাড়ছে। দেখা দিয়েছে অক্সিজেন সংকট।

খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু : খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা তথ্যটি নিশ্চিত করেন।

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় নয়জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাট, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

 

রামেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১২ জন ও উপসর্গে মৃত্যুবরণ করেন পাঁচজন।

 

আজ শুক্রবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও সাতজন নারী। এর মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও পাবনার একজন।

 

রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০২ জন এবং উপসর্গ নিয়ে ২৬৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মোট ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২১ জনের করোনা পজিটিভ আসে।