তামাবিল সীমান্তে গোয়েন্দা অভিযানে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

Published: 8 July 2021

সিলেট অফিস :


সিলেটের তামাবিল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন, ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ইন্ডিয়ান আধার কার্ড, ১টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১ হাজার ৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), তার স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) এবং ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে ৩ বছরের এক মেয়ে শিশু।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব বলেন, বিজিবি’র সহায়তায় গোয়েন্দা সংস্থার একটি দল তাদেরকে আটক করেছে। পরে দুপুর সাড়ে ১২টায় আটককৃত নাইজেরিয়ান নাগরিককে থানায় হস্তান্তর করা হয়। ভিসা-পাসপোর্ট যাচাই করার পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গেলো ২৮ জুন তামাবিল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ১ নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি।