হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত আটক

Published: 9 July 2021

বিশেষ সংবাদদাতা :


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

এ সময় তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি পাইপগান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চারটি পাইরোটেকনিক ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়। তারা সবাই ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

শুক্রবার ভোরে টাংকিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের শাহ আলমের ছেলে ডাকাত সর্দার তেলি আব্দুর রব (৫৫), একই এলাকার আব্দুর রহিম (৩০) ও রবিন হোসেন (২৪)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে টাংকিরখাল এলাকায় পৌঁছে কোস্টগার্ড। এ সময় সেই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়া একদল ডাকাত কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে ডাকাত দল পিছু হাঁটতে শুরু করলে ধাওয়া করে ডাকাত সর্দার তেলি আব্দুর রবসহ তিনজনকে আটক করা হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশান কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান বলেন, ডাকাত দলের সদস্যদের প্রতিরোধ করতে আমরা ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।