ফাইনালে ডাচ রেফারির দিকে আলাদা নজর ইংলিশদের

Published: 10 July 2021

পোস্ট ডেস্ক :

বিশ্বের সবচেয়ে ধনী রেফারি হিসেবে পরিচিতি তার। ব্যবসাসূত্রে বিশাল ধনসম্পদের মালিক তিনি। এবার রেফারির বাঁশি হাতে তিনি ইতিহাস গড়তে যাচ্ছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালি ও ইংল্যান্ডের সামনে হাতছানি নানা অর্জনের। তবে ইতিহাসে একজনের নাম লেখানো এখনই নিশ্চিত। নেদারল্যান্ডসের প্রথম রেফারি হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন বিয়র্ন কাইপার্স। উয়েফা বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ওয়েম্বলির ফাইনালে রোববার বাঁশি বাজাবেন ৪৮ বছর বয়সী এই ডাচ রেফারি। আর রেফারি কাইপার্স আলাদা চিন্তার কারণ হতে পারে ইংলিশ ফুটবলভক্তদের জন্য।

এই ডাচ রেফারির পরিচালিত একাধিক ম্যাচে হতাশার স্মৃতি রয়েছে ইংলিশদের।

ডাচ লীগে ক্যারিয়ার শুরু রেফারি কাইপার্সের। ২০০৬ সালে আন্তর্জাতিক রেফারি হিসেবে নাম লেখান কাইপার্স। শীর্ষ পর্যায়ে তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৪তে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল পরিচালনা করেন তিনি। ২০১৩ ও ২০১৮ ইউরোপা লীগ ফাইনালেও বাঁশি বাজান এ ডাচ রেফারি। সব মিলিয়ে সাতটি উয়েফা টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করার অভিজ্ঞতা তার। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ ফুটবল ও ২০১২ ও ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপেও তিনি ম্যাচ পরিচালনা করেছেন। এবারের ইউরোতে ফাইনালের আগে তিনি পরিচালনা করেন গ্রুপ পর্বে ডেনমার্ক-বেলজিয়াম, স্লোভাকিয়া-স্পেন ম্যাচ এবং চেক প্রজাতন্ত্র-ডেনমার্কের কোয়ার্টার ফাইনাল।

বিশ্বের সবচেয়ে ধনী রেফারি হিসেবে পরিচিতি তার। ২০১৬ সালে এক প্রতিবেদন ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায় কাইপার্সের সম্পদের মূল্য ১১.৫ মিলিয়ন পাউন্ড। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে বিশাল চেইন সুপার মার্কেটের মালিক বিয়র্ন কাইপার্স। রেদবুদ বিশ^বিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসন বিদ্যায় ডিগ্রি অর্জনের পর নিজ শহর ওলডেনজালে জাম্বো কাইপার্স নামের এই চেইন সুপার মার্কেট চালু করেন তিনি। ২০১৬তে নেদারল্যান্ডসের সেরা জাম্বো ফ্র্যাঞ্চাইজির পুরস্কার পায় কাইপার্সের প্রতিষ্ঠান। তবে প্রচুর ধন সম্পদের মালিক হলেও ফুটবলের প্রতি টান কমেনি তার।

ইতালি-ইংল্যান্ডের ফুটবল স্মৃতিতে জড়িয়ে আছেন রেফারি বিয়র্ন কাইপার্স। আর এতে ইংলিশদের রয়েছে হতাশার স্মৃতি। ব্রাজিলে ২০১৪’র বিশ^কাপে ইংল্যান্ড-ইতালির ম্যাচ পরিচালনা করেন এ ডাচ রেফারি। মানাউস স্টেডিয়ামে ওই ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে পারজিত করে ইতালি। এর আগে ২০০৯’র অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি কাইপার্স। ওই ম্যাচে ইংল্যান্ডকে পরিষ্কার ৪-০ গোলে হারিয়ে শিরোপা কুড়ায় জার্মানি।