টিকা কুটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: জিএম কাদের

Published: 13 July 2021

পোস্ট ডেস্ক :


জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, টিকা কুটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্বের সকল দেশ যখন করোনা টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে, তখনো আমাদের করোনা টিকার পূর্ণ নিশ্চয়তা মেলেনি। মাস্ক পড়ে আর সাবান দিয়ে হাত ধুয়ে করোনা মোকাবেলা করা সম্ভব হবেনা।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বাষির্কী উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই অবস্থা আরো খারাপ হতে পারে। সময় মত মানুষকে করোনার টিকা দিতে ব্যার্থ হওয়ায় করোনা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। আর কখনোই এদেশে লকডাউন সফল হবেনা। কারন, দেশের বেশির ভাগ মানুষেরই ঘরে খাদ্য নেই, পকেটে পয়সা নেই।

এ প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, শুরু থেকেই আমরা লকডাউনের আগে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে বলেছি। সদিচ্ছার অভাবে সরকার হত দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়নি।

গোলাম মোহাম্মদ কাদের সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন, মুদ্রার এপিঠ-ওপিঠ দেখেছেন। দেশের কল্যাণে তারা কিছুই করতে পারেনি। তাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির পতাকাতলে সামিল হোন। ৯০ সালের পর থেকে দুটি দলের ব্যবহারে মানুষ বিরক্ত হয়ে পড়েছে। তারা এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ আবারো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, ৯০ সালের পর প্রতিটি সরকারই জাতীয় পার্টির ওপরে আঘাত করেছে। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসায় জাতীয় পার্টি এখনো মানুষের মাঝে টিকে আছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গণমানুষের ভালোবাসায় জননন্দিত নেতা। অপবাদ দিয়ে তাকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দেয়া যায়নি। প্রতিটি নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুর পরে চারটি জানাজায় মানুষের যে ঢল নেমেছে তাতে প্রমান হয়েছে দেশের মানুষ কতটা ভালোবেসেছেন পল্লীবন্ধুকে। আগামীতে জাতীয় পার্টির উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। তাই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা- মনিরুল ইসলাম মিলন, আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব- মোঃ সামসুল হক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আনোয়ার হোসেন তোতা, আনিস উর রহমান খোকন, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক-২ এম.এ. রাজ্জাক খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় সদস্য হাওলাদার মহিদুল ইসলাম, এলাহান উদ্দিন, মোঃ আলমগীর হোসেন ও ঢাকা মহানগর উত্তর-এর সকল থানার সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।