সরকারের সমন্বয়হীন সিদ্ধান্তে মানুষকে ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হচ্ছে-আল্লামা উবায়দুল্লাহ ফারুক

Published: 1 August 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, সরকারের বিধি-নিষেধের সমন্বয়হীনতার কারণে দেশে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জনগণকে চরম ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

রবিবার (১ আগস্ট) এক বিবৃতিতে তিনি আরো বলেন, করোনা মহামারির বিস্তাররোধে সরকার ৫ আগস্ট পর্যন্ত কঠোরতর লকডাউন ঘোষণা করে জনচলাচল, দোকানপাট ও কলকারখানা বন্ধ ঘোষণা করেছে। এটা বাস্তবায়নের ধারাবাহিকতায় গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, লকডাউনের মধ্যে কারখানা খোলা রাখার জন্য শিল্প মালিকদের অনুরোধ তারা রাখতে পারছেন না। কিন্তু দুই দিন না যেতেই সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসে রপ্তানীমুখী কারখানা রোববার থেকে চালুর ঘোষণা দিল।

তিনি বলেন, কঠোরতর লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকার পটভূমিতে লক্ষ লক্ষ শ্রমিক কীভাবে শত শত মাইল পাড়ি দিয়ে কাজে যোগদান করবেন, সে বিষয়ে কিছুই বলল না।যার ফলশ্রুতিতে লাখ লাখ গরীব শ্রমিক চাকুরি রক্ষার জন্য চরম ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হয়েছেন।

আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের খেসারত জনগণকে দিতে হচ্ছে। কিন্তু এত ভুলের পরও তাদের কোন উদ্বেগ-অনুশোচনা ও দায় নেই। কারণ, সরকার দেশের রাজনীতিকে পঙ্গু করে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এক অঘোষিত রাজতন্ত্র কায়েম করেছে। প্রজার কাছে রাজার কোনো জবাবদিহি থাকে না।

জমিয়ত সহসভাপতি বলেন, দেশের অর্থনীতি সচল রাখার জন্য কলকারখানা খোলা রাখায় আমাদের দ্বিমত নেই। কিন্তু শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও সমস্যার কথা তো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে। কিন্তু এই নিয়ে সরকার বা মালিকপক্ষ কারো কোন দায়বোধ ও কথা নেই। অথচ এই শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের উপর ভর করে এত উন্নয়নের কথা বলা হচ্ছে, ধনীরা শত শত কোটি কোটি টাকা কামাচ্ছেন।

আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, শ্রমিকরা কবে টিকা পাবেন, সরকারের দিক থেকে তার সুস্পষ্ট ঘোষণা চাই। এছাড়া তীব্র মহামারিতে ঝুঁকিপূর্ণ পরিবেশে জীবনবাজি রেখে কাজ করার জন্য শ্রমিকদের অবশ্যই ‘ঝুঁকি ভাতা’ পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। মেহনতি শ্রমিকদের বিষয়ে যত্নবান ও মানবিক হতে আমরা সরকার ও কারখানা মালিকপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।