থানায় অভিযোগ করায় কিশোরকে মাথায় গুলি করে হত্যা
বিশেষ সংবাদদাতা :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় থানায় অভিযোগ করায় রাশেদ নামে এক কিশোরের মাথায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লবপুর গ্রামে একটি বাগান থেকে গুলিবিদ্ধ ওই কিশোরের লাশ উদ্ধার করে।
নিহত মো. রাশেদ (১৭) উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শেয়ারবাড়ি তাজুল ইসলামের ছেলে।
নিহতের মা পূর্ণিমা বেগম ও চাচাতো ভাই আনোয়ার জানান, রাশেদ ঢাকাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। লকডাউনের কারণে কিছু দিন আগে বাড়িতে আসে। গত ৫-৬ দিন আগে একদিন রাতে রাশেদের সঙ্গে একই বাড়ির বেচু মিয়ার ছেলে রুবেলের (৩০) চোখে টর্চলাইটের আলোপড়া কেন্দ্র করে ঝগড়া বেধে যায়।
এ ঘটনা কেন্দ্র করে রুবেলের সহযোগীরা রাশেদকে তিন দফায় বেধড়ক মারধর করে। পরে এ ঘটনায় তার পরিবার বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে আসে। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এবার রুবেলের সহযোগী শাকিল, সুজন, আকবর, মারুফ, মঞ্জুসহ তাদের সাঙ্গপাঙ্গরা রাশেদের চাচা লোকমান হোসেনকে মারধর করে।
সন্ত্রাসীরা রাশেদের চাচা লোকমানকে শাসিয়ে বলে, থানায় অভিযোগ করেছ আমাদের বিরুদ্ধে? এখন আমাদের মামলা চালানোর খরচের টাকা দাও। এর পর শনিবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিল রাশেদ। পরে রোববার সকাল ৬টার দিকে বাড়ি থেকে পৌনে দুই কিলোমিটার দূরে অয়েদ আলী ভূঞাবাড়ির পশ্চিমে বাগানে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।
নিহতের পরিবার দাবি, থানায় লিখিত অভিযোগ করায় একই বাড়ির বখাটে রুবেলের অস্ত্রধারী সাঙ্গপাঙ্গরাই রাশেদকে ধরে নিয়ে মাথায় গুলি করে হত্যা করে।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাশেদকে শনিবার দিবাগত রাতের যে কোনো একসময়ে মাথায় গুলি করে হত্যা করে লাশ বাগানে ফেলে দেয় খুনিরা। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তী সময় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




