বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশমন্ত্রী দিলেন ৬টি অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনট্রেটর

Published: 9 August 2021

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মহামারিতে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঠেকাতে ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনট্রেটর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বিষয়ক শাহাব উদ্দিন এমপি। সোমবার বিকেল ৫টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এগুলো হস্তান্তর করা হয়।

মন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ৫টি কনসেনট্রেটর হস্তান্তর করেন। এ সময় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, স্কয়ার গ্রুপের সিলেট বিভাগীয় আরএসএম মো. গোলাম সারওয়ার, স্কয়ার গ্রুপের বিয়ানীবাজার-বড়লেখার টিএম আবু আনসার খান, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, জাহিদ আহমদ, স্বপন আহমদসহ হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন যুক্ত ৬টি বড় অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সিলিন্ডারের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টি এবং ৫টি কনসেনট্রেটর নিয়ে অক্সিজেন কনসেনট্রেটর হলো মোট ১০টি।