এক ফুল দুই মালি অত:পর….
রাজনগর সংবাদদাতা :

এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন দুই ভাই। পৃথক ভাবে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন তারা। বিয়ের প্রস্তাব পাঠানোর বিষয়টি দুই ভাইয়ের মধ্যে জানাজানি হলে শুরু হয় বিরোধ। এক সময় সংঘর্ষের রূপ নেয়। এক ভাইয়ের হাতে খুন হন শাহার আলী নামের আরেক ভাই।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে বুধবার সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।
রাজনগর পুলিশ জানায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুক্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র শাহারের জন্য বিয়ের প্রস্তাব দেওয়া হয় পার্শ্ববর্তী এলাকার এক তরুণীকে। এর পরেই শাহারের চাচাতো ভাই শোয়েবের জন্য তার বড় ভাই সাব্বির আহমদ ওই মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। মেয়ের বাবা উভয় পক্ষের কাছে কয়েক দিনের সময় নেন।
৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শোয়েব ও শাহার বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে শোয়েবের পরিবারের সদস্যরা শাহার আলীর ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে শাহারের পরিবারের সদস্যরা তাকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। পরদিন বাড়ি ফেরেন শাহার। এরপর বুধবার (১১ আগস্ট) শাহারের শারীরিক অবস্থার অবনতি হলে আবারো তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাব্বির আহমদকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।




