ফুফু জবাই করে খুন করলেন ভাতিজিকে
বিশেষ সংবাদদাতা :

কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল ফেরদৌস নামের পাঁচ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মশান শাহপাড়ার ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ফুপু জহুরা খাতুন (৩০) ও ফুপা আনিরুল ইসলামকে (৩৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে জহুরা শিশুটিকে হত্যার দায় স্বীকার করেছেন। নিহত জান্নাতুল ফেরদৌস মিরপুর উপজেলার মশান শাহপাড়া এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে নিজ বাড়ি থেকে শিশু জান্নাতুল ফেরদৌস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
তারা জানান, মাঝে মধ্যে জহুরা খাতুন জাহিদের স্ত্রী আখির সঙ্গে ঝগড়া হয়। তাই মনের ক্ষোভে জহুরা খাতুন তার ভাইয়ের মেয়ে শিশুটিকে হত্যা করে থাকতে পারে।
জান্নাতুল ফেরদৌসের মা আখি খাতুন বলেন, ‘আমার ননদ আমার মেয়েকে জবাই করে হত্যা করেছে।’ মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবি করে তিনি বলেন, ‘আমার বুক খালি করেছে আমার আপন ননদ। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ফুপু ও ফুপাকে আটক করা হয়েছে এবং পরে আটক ফুপু শিশুটিকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।




