জুড়ীতে গ্লাস কাটার মেশিন ক্রয়ের সূত্র ধরে চোর সনাক্ত : আটক ৩

Published: 18 August 2021

বড়লেখা প্রতিনিধি :

জুড়ী উপজেলায় দোকান থেকে গ্লাস কাটার মেশিন ক্রয়ের সূত্র ধরে ধরা পড়ল টাকা চোর। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাদের ২ জনকে পুলিশে সোপর্দ করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৬ আগষ্ট রাতে উপজেলার বেলাগাও গ্রামের করিম মিয়ার বাড়ির গ্লাস কেটে ঘরে ঢুকে অজ্ঞাত চোরেরা প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে যায়। তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জুড়ী থানা পুলিশকে অবগত করেন।

গত ১৭ আগষ্ট জুড়ী বাজারের গ্লাস ঘরে এসে ভুক্তভোগী খোঁজ খবর নেন বিগত ২ দিনে কারা গ্লাস কাটার মেশিন ক্রয় করেছে। জুড়ী গ্লাস ঘর থেকে জাবেদ নামের এক ছেলে গ্লাস কাটার মেশিন ক্রয় করেছে বলে তারা তথ্য পান। করিম মিয়া সন্দেহবশত এলাকার কয়েকজনের সহযোগিতায় একই গ্রামের জাবেদ মিয়াকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে ইউনিয়ন অফিসে নিয়ে আসেন।

সেখানে স্থানীয় কয়েকজনের জিজ্ঞাসায় জাবেদ স্বীকার করে যে, জনৈক আল আমিনের নেতৃত্বে সে, সাজু ও গৌছসহ চারজন মিলে চুরি করে টাকা আল আমিনের কাছে রেখেছে। আল আমিন পলাতক থাকায় তার সহযোগী সাজু, গৌছকে ধরে আনা হয়। ঐ দিন রাত ১২ পর্যন্ত কোন সমাধান না হওয়ায় স্থানীয় চেয়ারম্যান জাবেদ, সাজু, গৌছকে জুড়ী থানায় সোপর্দ করেন।

১৭ আগষ্ট (মঙ্গলবার) রাতে আল আমিনের পিতা ফিরোজ মিয়া টাকা চুরির শিকার করিম মিয়ার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে টাকা ফেরত দিবেন মর্মে অঙ্গীকার করেছেন।

জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা যে টাকা নিয়েছে সেটি উদ্ধারের চেষ্টা চলছে। আল আমিনের নেওয়া ৩ লক্ষ টাকার জিম্মাদার পেয়েছি, বাকি টাকা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান চোর আটকের খবর দিলে থানা পুলিশ ৩ জনকে থানায় আটক করেছে। বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে পরবতীয় ব্যবস্থা নেওয়া হবে।