হাসপাতাল থেকে নবজাতক চুরি

Published: 19 August 2021

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে দুইদিন বয়সী এক নবজাতক শিশু চুরির ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর এলাকার মো. আবদুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগমের ছেলে।

গতকাল বুধবার রাত ৮টায় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে। সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাৎক্ষণিক তুহিন (৩৬) নামে একজনকে হাসপাতাল এলাকা থেকে আটক করে পুলিশ।

নবজাতকের মা জুলেখা বেগম জানান, তিনি বুধবার রাতে তার সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, বিষয়টি সুধারাম মডেল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায় নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, নবজাতক শিশু চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জড়িত সন্দেহে তুহিন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হচ্ছে।