বরিশালে ইউএনও-ওসির বিরুদ্ধে মামলার আবেদন
বিশেষ সংবাদদাতা :

এখনও থমথমে বরিশাল। নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি থানার ওসি ও আনসার সদস্যদের বিরুদ্ধে আদালতে দুটি মামলার আবেদন করা হয়েছে। আজ সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। মামলা দুটির বাদী হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও বিসিসির কর্মচারী বাবুল। দুটি মামলায়ই সদরের ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন, তদন্তকারী কর্মকর্তা ও ইউএনওর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যসহ ৮ জন করে আসামি করা হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, বিচারক এখনও মামলার আবেদনটি গ্রহণ করেননি। এদিকে ইউএনও বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত ২১ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সরজমিন দেখা যায়, ইউএনওর বাসভবনের সামনে ১২ জন পুলিশ ও ৮ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।
কাজে ফিরেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।




