গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র সম্পাদক মাওলানা রশীদ আহমদ আর নেই

Published: 23 August 2021

সিলেট অফিস :

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট লেখক ও কলামিস্ট, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সমাজসেবী এডভোকেট মাওলানা রশীদ আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান।

আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় গোলাপগঞ্জ এম.সি একাডেমী মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার জ্যেষ্ট পুত্র তামিম ইয়াহইয়া আহমদ।

সিলেট জেলা বিএনপির শোক
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, মাওলানা রশীদ আহমদ ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও লেখালেখীতে তার শক্তিশালী অবস্থান ছিলো। আর্ত মানবতার কল্যাণে তিনি ছিলেন সদা তৎপর। জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নয় গোটা সিলেটবাসীর তিনি ছিলেন এক জনপ্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন খাঁটি জিয়ার সৈনিককে হারালাম। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।