ফেনীতে প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা : জবানবন্দিতে যা বললো স্ত্রী

Published: 25 August 2021

বিশেষ সংবাদদাতা :


ফেনীতে দুবাই প্রবাসী যুবক মো. সোহেলকে (৩৫) কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি তার স্ত্রী রোকেয়া আক্তার শিউলি (২৫) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার রাতে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে রোকেয়া আক্তার শিউলি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

আদালতের বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম জানান, আসামি রোকেয়া আক্তার শিউলি তার স্বামীকে হত্যার জন্য পারিবারিক কলহ, স্বামীর পরকীয়া আসক্ত ও মৌখিক তালাককে দায়ী করেছে। হত্যার পুরো বিষয়টি আসামি জবানবন্দিতে জানিয়েছেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।

এর আগে রোববার থেকে তিন দিনের রিমান্ডে ছিলো আসামি রোকেয়া আক্তার শিউলি। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম রোববার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খাঁনের আদালতে আসামি রোকেয়া আক্তার শিউলিকে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো। রিমান্ড শেষে মঙ্গলবার সন্ধ্যায় আসামি রোকেয়া আক্তার শিউলিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আদালতে তোলা হয়।

গত ২১শে আগস্ট শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী এলাকা থেকে আসামি রোকেয়া আক্তার শিউলিকে গ্রেপ্তার করেছিলো র‌্যাব-৭ এর একটি দল। এর আগে পুত্রবধূ রোকেয়া আক্তার শিউলিকে আসামি করে গত ২০শে আগস্ট শুক্রবার রাতে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছিলো নিহতের মা নিরালা বেগম।

এদিকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র বটি উদ্ধার করেছিলো র‌্যাব। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ্ আল জাবের ইমরান জানান, শিউলীর দেখানো মতে ফেনী শহরের সুফি ছদর উদ্দিন সড়কের চৌধুরী সুলতানা ভবন সংলগ্ন কচুরিপানার ডোবা থেকে হত্যাকা-ের সময় ব্যবহার করা বটি উদ্ধার করা হয়। এছাড়া হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় নিয়ে শিউলির নিয়ে যাওয়া নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকার উদ্ধার করেছে র‌্যাব।

অপরদিকে নিহত মো. সোহেল পারভেজের দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) মা-বাবার অনুপস্থিতিতে লালন পালনের জন্য দাদি নিরালা বেগমের জিম্মায় দিয়েছে আদালত।

গত বৃহস্পতিবার ১৯ আগস্ট মধ্যরাতে ফেনী শহরের সুফি ছদর উদ্দিন সড়কের চৌধুরী সুলতানা ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্লাটে দুবাই প্রবাসী স্বামী মো. সোহেল পারভেজকে কুপিয়ে হত্যা করে স্ত্রী রোকেয়া আক্তার শিউলি।

আসামি রোকেয়া আক্তার শিউলি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের সোহেল পারভেজের স্ত্রী। নিহত সোহেল পারভেজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতি ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে।