বন ও বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থেই লাঠিটিলায় সাফারি পার্ক নির্মিত হবে -পরিবেশ ও বনমন্ত্রী
বড়লেখা প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, পাথারিয়া পাহাড় ও সংলগ্ন বন ও বন্যপ্রাণী সুষ্ঠুভাবে সংরক্ষণের স্বার্থেই মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপন করা হবে। এক্ষেত্রে এখানকার বসবাসকারীদের উচ্ছেদ না করে সকলের জন্য কল্যাণকর ব্যবস্থা রেখেই এ প্রকল্প বাস্তবায়িত হবে। তিনি বলেন, এখানে সাফারি পার্ক নির্মিত হলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পরিবেশবাদী দাবিকারী কেউ কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, স্থানীয় জনগণকে উস্কানি দিচ্ছে। স্থানীয় জনগণ ঐক্যবদ্ধভাবে এদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সকলকে আশ্বস্থ করে তিনি বলেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এখানে সাফারি পার্ক স্থাপন করা হবে।
মন্ত্রী রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় মৎস্য সপ্তাহ উদদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরো বলেন, হাকালুকি হাওড়ের উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় এখানে খাল ও পর্যাপ্ত পুকুর খনন করে পানি ধারণ ক্ষমতা বাড়ানো হবে। এর ফলে পানির সমস্যা দূর হবে। মাছের পরিমাণ বাড়বে, মৎস্যজীবীরা মৎস্য চাষও করতে পারবে। মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখানের সার্বিক পরিবেশ ভালো করার জন্য স্থানীয় প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ প্রমূখ বক্তব্য রাখেন।




