ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল
পোস্ট ডেস্ক :

আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগান রাজধানী। রোববার দিনের শেষে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বিস্ফোরণটি হয়। ধারণা করা হচ্ছে, মার্কিন ড্রোন হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট অব খোরাসান। যদিও হামলায় ব্যবহৃত রকেটটি বিমানবন্দর থেকে বেশ দূরে আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়েছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, এখনও হামলার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানে থাকা বিবিসির সংবাদদাতা সিকান্দার কেরমানি। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার পর বিস্ফোরণের ভিডিওটি ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যাচ্ছে, একটি আবাসিক এলাকায় রকেটটি বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা সে সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শনিবার এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাবুল বিমানবন্দরের আইএসআইএস-কে জিহাদিদের আত্মঘাতী হামলার পরেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ‘খুঁজে বের করে মারব’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বাইডেন। কথা রেখেছিলেনও তিনি। পরিকল্পনাকারী জিহাদি পরদিনই মার্কিন ড্রোন হামলায় নিহত হয়। তবে এরপরই আবারও পাল্টা আঘাত আসতে পারে সে আশঙ্কার কথা জানানো হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে সতর্ক করেছিলেন কমান্ডাররা। সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য এমন হুমকির প্রেক্ষিতে সব মার্কিন নাগরিককে ওই এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরইমধ্যে সর্বশেষ এই রকেট হামলার খবর পাওয়া গেলো।




