ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

Published: 31 August 2021

পোস্ট ডেস্ক :


এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। আজ বাংলাদেশ সময় দুপুরে ফিলিপাইন থেকে র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।

বিজ্ঞানী ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টাম-লীর সদস্য ছিলেন তিনি। আজ র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণার সময় কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে তাঁর নিবেদিত ভূমিকার জন্য’ এই পুরস্কার দেওয়া হলো।

বিজ্ঞানী ফেরদৌসী কাদরী ম্যাগসেসে কমিটির কাছে একটি ভিডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, ‘আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। র‌্যামন ম্যাসসেসেকে এ জন্য ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমি বাংলাদেশ, আমার জন্মভূমির প্রতি উৎসর্গ করলাম।

সেই সঙ্গে আমার প্রতিষ্ঠান আইসিডিডিআরবিকে উৎসর্গ করছি। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমার কাজ এগিয়ে নিতে সহযোগিতা করেছে।’

ফেরদৌসী কাদরী বলেন, ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞ বাংলাদেশ এবং পুরো বিশ্বের কাছে। আমি ঋণী আমার পরিবারের কাছে। আমার স্বামী ও তিন সন্তানের কাছে। তাঁরা আমাকে সহযোগিতা করেছেন বিগত দিনগুলোতে।’