সংসদ সদস্য স্বপনের মৃত্যুতে সংসদ মুলতবি

Published: 2 September 2021

বিশেষ সংবাদদাতা :


সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক তাকে নিয়ে সংসদে আলোচনা করেন। একই সঙ্গে সংসদ মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোকপ্রস্তাব পাঠ করে শোনান। স্পিকার বলেন, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো, হাসিবুর রহমান স্বপন ভোররাতে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর ৩ মাস ১৫ দিন।

শিরীন শারমিন এমপিদের উদ্দেশ্যে বলেন, মরহুম হাসিবুর রহমান স্বপনের জীবন-বৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোকপ্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। আমি এখন শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এরপর শোকপ্রস্তাবের আলোচনার পর সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এমপিদের নিজ নিজ আসনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এরপর রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

পরে সংসদের রীতি অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি রাখা হয়। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়।