করোনায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যু

Published: 2 September 2021

বিশেষ সংবাদদাতা :


করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। তিনি তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৩৩ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেনে হাসিবুর রহমান স্বপনের একান্ত সহকারী ও শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার।

তিনি জানান, হাসিবুর রহমান পবিত্র কোরবানি ঈদের পরের দিন থেকে করোনা পজিটিভ ছিলেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিন দিন আগে উন্নত চিকিৎসার জন্য তুরস্কের মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার ভোর ৫টায় তার মৃতদেহ বাংলাদেশে আসবে। এরপর সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মৃতদেহ নিয়ে আসা হবে তার নির্বাচনী এলাকা শাহজাদপুরে। সেখানে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দাফন করা হবে শাহজাদপুরের চুনিয়াখালিপাড়ায় তার পারিবারিক কবরস্থানে।