ইয়াবাসেবী প্রকৌশলী!

Published: 3 September 2021

বিশেষ সংবাদদাতা :


ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. রহমত ভূইয়া রানা ইয়াবা সেবন করেন বলে অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে তার ইয়াবা সেবনের একটি ভিডিও চিত্র প্রকাশ্যে চলে এসেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হওয়ায় এখন সেটি অনেকের হাতে হাতে।

রহমত ভূইয়া রানা অবশ্য প্রকাশ পাওয়া ভিডিও চিত্রটি তার বলে সাংবাদিকদেরকে স্বীকার করেছেন। তবে তিনি ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন উল্লেখ করে জানান, অনৈতিক দাবি পূরণ না করায় এ ধরণের ভিডিও করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রহমত ভূইয়ার বাড়ি কুমিল্লা জেলায়। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেইজে তার ভিডিওটি প্রথমে প্রকাশ পায়। এরপর থেকে ভিডিওটি অনেকেই ফেসবুকে শেয়ার দিতে শুরু করেন।

ওই নিউজ পোর্টাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুক থেকে সংগ্রহ করেই এক যুবক তাদেরকে ভিডিওটি সরবরাহ করেন। পরে যাচাই-বাছাই করে ও ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে ভিডিওটি ফেসবুকে ছাড়া হয়।

এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভিডিওটি রহমত ভূইয়ার বলে স্বীকার করেছেন। এ বিষয়ে করনীয় সম্পর্কে জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম জানান, তিনি ভিডিও দেখেছেন। এ নিয়ে তার পরিবারের সঙ্গেও কথা বলেছেন। রহমত শারিরিক ও মানসিকভাবে অসুস্থ বলে জানতে পেরেছেন উল্লেখ করে জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।