রৌমারী সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নিহত

Published: 4 September 2021

বিশেষ সংবাদদাতা :


কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি গরু পাচারকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নজরুল ইসলাম (৩৪) আরেকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার ভোররাতে উপজেলার কাউনিয়ারচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ একই সীমান্ত এলাকার বশির আলীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত শহিবর রহমান দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের ইছার উদ্দিনের ছেলে। বিএসএফ-এর গুলিতে আহত নজরুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, পুলিশ ও বিজিবি’র ভয়ে আহত নজরুলের স্বজনরা তাকে গোপনে চিকিৎসা করাচ্ছেন।

জানা যায়, শুক্রবার মধ্যরাতের পর বাংলাদেশি ১৫/১৬ জনের একটি গরু পাচারকারী দল কাউনিয়ারচর সীমান্তের ১০৫৪ ও ১০৫৫ মেইন পিলারের মাঝ দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু নামাতে যায়। এ সময় ভারতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গরু পাচারকারী দলকে ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। বিএসএফ-এর গুলিতে ঘটনাস্থলেই মারা যায় শহিবর রহমান। নজরুল ইসলামের পায়ে গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় সঙ্গীয় পাচারকারীরা নিহত ও আহতকে উদ্ধার করে নিয়ে আসে।

নিহতের স্ত্রী লিলি পারভীন বলেন, ‘আমার স্বামীকে টাকার লোভ দেখিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে। যারা গরুর ব্যবসা করে তাদের তো কিছুই হলো না, মারা গেল আমার স্বামী।’

দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন বিএসফ-এর গুলিতে বাংলাদেশি নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তি একজন চোরাকারবারী। অবৈধ পথে সীমান্ত অনুপ্রবেশ করে ভারত থেকে গরু নামাতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। বিএসএফ’র গুলিতে আহতের বিষয়ে আমরা কিছু জানি না।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, বিএসএফ-এর গুলিতে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।