গাজীপুরে ঝুট-তুলার গোডাউনে আগুন, ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
বিশেষ সংবাদদাতা :

গাজীপুর মহানগরের পূবাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ ঝুট ও তুলার গোডাউন পুড়ে ছাই হয়েছে। এতে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
রোববার বেলা ১১টার দিকে পূবাইলের মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখান পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পূবাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ইঞ্জি. মোশাররফ হোসেন জানান, বেলা ১১টার দিকে পূবাইলের মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখান পূর্বপাড়ায় আগুন লাগে।
তবে ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হোসেন যুগান্তরকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরার দুটি ইউনিট এবং গাজীপুর থেকে আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ১২ বিঘা জমিতে ৭০ মালিক মিলে ‘একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী’ নামক ১৩০ গোডাউন গড়ে তুলেছে।
গার্মেন্টস, টেক্সটাইল ও স্পিনিং মিলের কাপড়ের ঝুট ও তুলা বাছাই করে বিভিন্ন বাইয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন কারখানায় পাঠানো হয়। এ ছাড়া ভারতেও রপ্তানি করা হয়।
‘একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী’ সমিতির সহসভাপতি ফারুক হোসেন যুগান্তরকে বলেন, আমাদের ৪০-৫০টি গোডাউন পুড়ে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।




