১১৬ বছর বয়সে ম্যাজিক!

Published: 7 September 2021

পোস্ট ডেস্ক :


আক্রান্ত নারীর ছেলে ইব্রাহিমবয়স ৭০ বা ৮০ হলে করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকেন মানুষ। কিন্তু তুরস্কে যেন ম্যাজিক দেখিয়ে ফেলেছেন ১১৬ বছর বয়সী এক নারী। তার নাম আয়শে কারাতাই। বর্তমানে তাকে নরমাল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এ খবর দিয়েছে তুরস্কের সরকারি প্রচার মাধ্যম ডেইলি সাবাহ। এর মধ্য দিয়ে বিশ্বে সবচেয়ে বয়সী মানুষ যারা করোনা ভাইরাসকে পরাজিত করেছেন, আয়শে কারাতাই হলেন তাদের অন্যতম। তার ছেলে ইব্রাহিম কারাতাই শনিবার ডেমিরোরেন নিউজ এজেন্সিকে (ডিএইচএ) বলেছেন, মা ১১৬ বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তাকে তিন সপ্তাহের জন্য রাখা হয়েছিল আইসিইউতে।

এখন তার শারীরিক অবস্থা অনেক ভাল। তিনি সুস্থ বোধ করছেন।
এর আগে ১১৭তম জন্মদিনের কয়েকদিন আগে গত ফেব্রুয়ারিতে করোনা থেকে মুক্তি পেয়েছেন ফরাসি নান সিস্টার আঁদ্রে। বিশ্বে জীবিত দ্বিতীয় সর্বোচ্চ বয়সী নারী তিনি।

তুরস্কের পশ্চিমাঞ্চলে আফিওনকারাহিসারের এমিরডাগে বাড়ি আয়শে কারাতাইয়ের। গত মাসে তার করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসা দেয়া হয় এস্কিশেহির সিটি হাসপাতালে। ইব্রাহিম বলেছেন, তার মা অসুস্থ হওয়ার আগে তাকে চীনে তৈরি সিনোভ্যাক টিকার একটি ডোজ দেয়া হয়েছিল। সম্ভবত পরিবারের কোনো সদস্যের মাধ্যমে তিনি আক্রান্ত হয়েছিলেন। ইব্রাহিম বলেন, যদি তিনি টিকার দ্বিতীয় ডোজটি নিতে পারতেন আক্রান্ত হওয়ার আগে, তাহলে আরো সহজে সেরে উঠতেন। তিনি আরো বলেন, এমিরডাগে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কিছু মানুষ। কিন্তু যারা টিকা নেননি বা দেয়া হয়নি তারাই ভর্তি হয়েছেন আইসিইউতে। যারা টিকা নিয়েছিলেন, আক্রান্ত এমন মানুষ হাসপাতালে ভর্তি না হয়েই সুস্থ হয়ে উঠেছেন। উল্লেখ্য, আয়শে কারাতাইয়ের জন্ম হয়েছিল অটোম্যান সাম্রাজ্যের সময়ে। ওই সময়ে প্রকৃত জন্মতারিখ সরকারি রেকর্ডে পাওয়া বিরল।