ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভের ডাক

Published: 9 September 2021

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রের রাজধানীতে আবারও জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

ওয়াশিংটন ডিসিতে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’।

সমাবেশ ঘিরে আবার সহিংস ঘটনার আশঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। খবর রয়টার্সের।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকরা।

ক্যাপিটল হিলে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি লোককে শনাক্ত করে তদন্ত করা হয়েছে। তাদের অনেকের নামে অপরাধ আইনে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। মূলত এসব অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্পের সমর্থকরা সমাবেশের ডাক দিয়েছেন।

ইতোমধ্যে ট্রাম্প-সমর্থক ‘প্রাউড বয়েজ’ নামের শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠনসহ অন্যরা এ সমাবেশ নিয়ে অনলাইনে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে।

অন্যদিকে ট্রাম্পবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’সহ আরও কিছু উদারনৈতিক সংগঠন একই দিনে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে।