প্যারিসে নতুন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা
পোস্ট ডেস্ক :

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক খন্দকার এম তালহাকে ফ্রান্সে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি মতে, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা তালহা নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধির অফিস, তেহরান ও লন্ডনে কর্মরত ছিলেন। এছাড়া তিনি রাষ্ট্রাচার প্রধান, দক্ষিণ এশিয়া অনুবিভাগ ও বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তালহা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স ও ট্রেডের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।




