তালেবানকে সহায়তার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান

Published: 10 September 2021

পোস্ট ডেস্ক :


পাঞ্জশিরে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে তালেবানকে সাহায্য করছে পাকিস্তান। সম্প্রতি এমনই কিছু দাবি উঠেছে যা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে, আফগানিস্তানে তালেবান শাসন সুদৃঢ় করতে সামরিকভাবে সাহায্য করছে পাকিস্তান। বর্তমানে পাঞ্জশির প্রদেশের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে তালেবানের। সেখানে বড় ধরণের প্রতিরোধের মুখে পড়েছে তালেবান সদস্যরা। পাঞ্জশির বাহিনীর দাবি তারা ৬ শতাধিক তালেবানকে হত্যা করেছে, আটক করেছে হাজারেরও বেশি। বর্তমানে কাবুলের উত্তর-পূর্ব দিকে থাকা এই পাঞ্জশির উপত্যকাই আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা একমাত্র অঞ্চল। গত কয়েকদিনে দাবি উঠেছে যে, তালেবান বিরোধী অবস্থানগুলোকে লক্ষ্য করে পাকিস্তানী ড্রোন থেকে হামলা চালানো হয়েছে।

আফগান সাংবাদিক তাজুদ্দিন সরৌশ জানান, তাকে পাঞ্জশিরের গভর্নর কামালুদ্দিন নিজামি বলেছেন, পাকিস্তান ড্রোন ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে। দাবিগুলো আরও প্রতিষ্ঠিত হয় যখন জানা যায়, অনেকগুলো টার্গেটে যেভাবে হামলা হয়েছে তা একমাত্র পাকিস্তানের পক্ষেই সম্ভব। সবমিলিয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান হস্তক্ষেপ করছে এমন দাবি তুলে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যদিও এসব দাবিগুলো পাকিস্তান যেমন উড়িয়ে দিয়েছে, তেমনি প্রত্যাখ্যান করেছে তালেবানও।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল বাবর ইফতেখার বলেন, এগুলো ‘পুরোপুরি মিথ্যা’। তিনি এসব দাবিকে ‘ভারতের অযৌক্তিক প্রোপাগান্ডা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বাবর বলেন, আফগানিস্তানের ভেতরে যা হচ্ছে, তা নিয়ে পাকিস্তানের কিছু করার নেই। সেটি পাঞ্জশিরেই হোক আর অন্য কোথাও। যদিও যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই তালেবানদের সহায়তার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে আসছিল। তবে পাকিস্তান বারবার বলে আসছে তারা সন্ত্রাসবাদে সহায়তা করে না এবং তালেবানের সঙ্গে তাদের কোনো স¤পর্ক নেই।