টেম্পোর মধ্যে তরুণীকে ধর্ষণ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ধর্ষিতা

Published: 11 September 2021

পোস্ট ডেস্ক :


দিল্লির নির্ভয়াকাণ্ডে চার জনের ফাঁসি হয়ে গেছে। দেশ জুড়ে ধর্ষণের শাস্তি- মৃত্যু আওয়াজ উঠেছে। তবু ধর্ষণে বিরতি নেই। ঠিক দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া দেখা গেল শুক্রবার গভীর রাতে মুম্বইয়ে। ৩২ বছরের এক তরুণীকে টেম্পোর মধ্যে ধর্ষণ করে অত্যাচার করা হয়। এমনকি তরুণীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়। যেমন হয়েছিল নির্ভয়া কাণ্ডে। রক্তাপ্লুত অবস্থায় তরুণীকে রাত তিনটে নাগাদ মুম্বইয়ের সাকানাকি এলাকার একটি টেম্পোর ভিতর থেকে উদ্ধার করে রাজওয়ারি হাসপাতালে পাঠানো হয়।

কিন্তু, তরুণীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় জড়িত অভিযোগে মোহিত শর্মা নামে ৪২ বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনায় আর কেউ যুক্ত ছিল কিনা জানার চেষ্টা করা হচ্ছে। সাকানাকি থানার পুলিশ জানিয়েছে মধ্যরাত্রির পর তারা একটি ফোন পায় যে, একটি টেম্পোর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌছায়। রক্তে ভেসে যাওয়া অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা। ঘটনার তদন্ত চলছে।