গোটা বিশ্বে আরো ভ্যাকসিন সরবরাহ করার অঙ্গীকার আমেরিকার
পোস্ট ডেস্ক :

বিশ্বের অন্যান্য দেশের চাপের মুখে পড়ে আরো ৫০০ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ কিনতে রাজি হয়েছে আমেরিকা, এই ভ্যাকসিন তারা বিশ্বের কাছে পৌঁছে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে বৈশ্বিক ভ্যাকসিনেশনের হার বাড়ানো এবং বিশ্ব নেতাদের এগিয়ে আসার বার্তা দিতে গিয়ে একটি ভার্চুয়াল সম্মেলনে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সম্মেলনে আমেরিকা ছাড়াও বৃটেন, কানাডা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিসও ছিলেন। সেখানে বাইডেন বলেন, ‘এই মহামারীকে পরাস্ত করতে হলে বিশ্বের সর্বত্র একে নির্মূল করতে হবে, কারণ ২০২০ থেকে এখনো পর্যন্ত এই মহামারী বিশ্বের প্রায় ৪৯ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে’। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আমেরিকা ভ্যাকসিন সরবরাহ বাড়ালে বিশ্বের দরিদ্র দেশগুলো উপকৃত হবে। কারণ আমেরিকা ইতিমধ্যেই গোটা দেশবাসীকে টিকাকরণের আওতায় নিয়ে এসেছে, শুধু তাই নয় তারা এখন ইমিউনিটি বাড়াতে বুস্টার ডোজের পরিকল্পনা করছে। কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে হয়তো মানুষ টিকার একটি ডোজও পায় নি। তাই তাদের আগে সুযোগ দেবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।




