ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি বেআইনি অর্থ খরচের অভিযোগে অভিযুক্ত
পোস্ট ডেস্ক :

বেআইনিভাবে নির্বাচনে অর্থ খরচ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি (৬৬)। রাজধানী প্যারিসের একটি আদালত এই রায় দিয়েছে। বলা হয়েছে, ২০১২ সালে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সারকোজি অবৈধভাবে অঢেল অর্থ ছড়িয়েছেন। এর ছয় মাস আগে সাবেক এই প্রেসিডেন্টকে দুর্নীতির অভিযোগে আলাদা এক বিচারে এক বছরের জেল দেয় আদালত। এরপর আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই রায় দেয়া হলো। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, নির্বাচনে খরচের আইনি সীমা ২ কোটি ২৫ লাখ ইউরো বা ২ কোটি ৬০ লাখ ডলারের দ্বিগুন খরচ করেছেন সারকোজি। ২০১২ সালের ওই নির্বাচনে তিনি সোশ্যালিস্ট পার্টির প্রার্থী ফ্রাঁসোয়া ওলাদেঁ’র কাছে হেরে যান।
প্যারিস থেকে আল জাজিরার সাংবাদিক নাতাশা বাটলার বলছেন, আদালতের বিচারক বলেছেন, নির্বাচনী টিম আইনি সীমার চেয়ে অনেক বেশি অর্থ খরচ করছিল তা পরিষ্কারভাবে জানতেন সারকোজি। তাকে অভিযুক্ত করার পর প্রসিকিউটররা ৬ মাসের জেল দেয়ার আবেদন করেছেন। একই সঙ্গে ৬ মাসের মুলতবি জেল বা সাজা ও ৩৭৫০ ইউরো জরিমানা করার আর্জি উপস্থাপন করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। বৃহস্পতিবার এ মামলার রায় দিচ্ছিলেন বিচারক। তার রায়ের শেষে কি শাস্তি দেয়া হবে, তা ঘোষণা করা হবে। তবে কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন সারকোজি। তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানানো হয়েছে।




