মার্কিন নাগরিক হিসেবে সন্তানের জন্ম, আফগান বাবার প্রতিক্রিয়া

Published: 20 November 2021

পোস্ট ডেস্ক :


আহমেদজাই (ছদ্মনাম) ধারণা করেছিলেন, তার প্রথম সন্তানের জন্ম হলে সাধারণ আফগান পরিবারের প্রথা মতো আত্মীয়রা কাবুলে তার বাড়িতে নবজাতকের জামাকাপড় এবং অন্যান্য উপহার দিতে আসবে। এছাড়া শিশুর জন্ম উদযাপনের জন্য কুরআন তেলাওয়াত করতে আসতে পারে স্বজনরা।

কিন্তু ঘটনা একেবারেই উল্টো হয়েছে। আহমেচাইয়ের প্রথম সন্তানের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন হসপিটালে। এরপর ফোর্ট ম্যাককয় সেনা ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। যেখানে তার পরিবার ও স্বজনসহ হাজার হাজার আফগান উদ্বাস্তু আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার পর অভিবাসন প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে।

ফোর্ট ম্যাককয় সেনা ঘাঁটির নবজাতকদের অন্যান্য পিতামাতার মতো ২৫ বছর বয়সী আহমেদজাই বলেছেন, ক্যাম্পে একটি নতুন শিশুকে স্বাগত জানানোটা খুবই মিষ্টি।

তিনি আক্ষেপ করে বলেন, আমরা যদি কাবুলে বাচ্চাটির জন্ম দিতে পারতাম এবং আমার পরিবারের সবাই একসাথে থাকতে পারতাম, তবে খুব ভালো হতো। সেক্ষেত্রে আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যেত।

আফগানিস্তানে নতুন সন্তানের জন্মের পর বর্ধিত পরিবারের আচার-অনুষ্ঠান হারিয়ে দুঃখ হলেও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে যে নিরাপত্তা এবং সুযোগ পেয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মার্কিন সেনাবাহিনীর তথ্যানুসারে, আহমেদজাইয়ের ছেলে ইয়াসিরের মতো আরো আড়াই শতাধিক শিশু মার্কিন ঘাঁটিতে আসার পর জন্ম নিয়েছে। গত আগস্ট থেকে তাদের জন্ম হয়েছে।

নবজাতকের পরিবারগুলো বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাছ থেকে শিশুর দুধ, ডায়াপার, ওয়াইপ এবং জামাকাপড়ের মতো প্রয়োজনীয় জিনিসগুলো পায়।

ফোর্ট ম্যাককয় ঘাঁটিতে থাকা পরিবারগুলো মার্কিন সেনাবাহিনীর কাছে তাদের প্রয়োজনের কথা জানাতে পারছে। মানবিক সহায়তা প্রদানের জন্য রেড ক্রসও সক্রিয় রয়েছে।

আফগান যুবক আবাদ আল-জাজিরাকে বলেছেন, আমি খুব খুশি যে, আমার ছেলে মার্কিন নাগরিক হিসেবে জন্মগ্রহণ করেছে। সে বড় হওয়ার সাথে সাথে আফগান এবং আমেরিকানদের একটি মিশ্র সম্প্রদায়ের মধ্যে থাকবে, যা তার জন্য দুর্দান্ত হবে।