বেনাপোলে বোমা ও বিস্ফোরকসহ ৪ জন আটক
বেনাপোল সংবাদদাতা :

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের সবাইকে আটক করা হয়।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বালুন্ডা এলাকার গোলাম হোসেনের ছেলে আলা হোসেন (২৬), আলী হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৩), ছমির হোসেনের ছেলে সজিব হোসেন (২১) ও কদমতলা বারপোতা গ্রামের তোফাজ্জেল এর ছেলে আজগর আলী (৫৪)। তারা সবাই পুটখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের সমর্থক বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকরা বোমা বাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তার সমর্থকরা এলাকায় বোমা তৈরি করছিল। নির্বাচনী অফিসেও তারা বোমা এনে রাখে। গত ১৮ নভেম্বর রাতে নৌকার প্রাথীর সমর্থক মোক্তার মেম্বারকে হত্যার উদ্দেশ্য বোমা হামলা করে তারা। এরপর ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। হামলাকারী স্বতন্ত্র প্রার্থী নাসিরের সমর্থক।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের কয়েকজন সমর্থক বোমা তৈরি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলা হোসেন, জাহিদ হোসেন ও সজিব হোসেন (২১) কে হাতে নাতে ৫ টি বোমা ও বোমা তৈরির এক ব্যাগ সরজ্ঞামসহ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস থেকে আজগর আলীকে আটক করা হয়। এই অফিসে রাখা ৫টি বোমাও উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতরা পুলিশ হেফাজতে আছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় অধিক পুলিশ ফোর্স মোতায়ন করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।




