আল আকসা মসজিদ কম্পাউন্ডের গেইটের কাছে ইসরাইলি পুলিশের গুলি

Published: 21 November 2021

পোস্ট ডেস্ক :


জেরুজালেমের পুরনো শহরে ইসরাইলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার আল আকসা মসজিদ কম্পাউন্ডের একটি গেইটের কাছে এ ঘটনা ঘটে।

ইসরাইলি পুলিশের এক মুখপাত্র দাবি করেছেন, এক ফিলিস্তিনির গুলিতে এক ব্যক্তি নিহত ও তিন জন আহত হওয়ার পর ইসরাইলি পুলিশের গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়েছে।

ইসরাইলি পুলিশের দাবি, পূর্ব জেরুজালেমের বাসিন্দা ওই ফিলিস্তিনি একটি সাবমেশিনগান নিয়ে হামলাটি চালিয়েছে। সে যাদের গুলি করেছে তাদের মধ্যে দুই জন বেসামরিক ছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত অপর দুই জন পুলিশ।

রয়টার্স জানিয়েছে, চার দিনের মধ্যে এ নিয়ে জেরুজালেমে দ্বিতীয় হামলার ঘটনা ঘটল।

এদিকে প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ১১ শ’ ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইসরাইল। ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবসে এই পরিসংখ্যান প্রকাশ করেছে ফিলিস্তিনের মানবাধিকার গ্রুপ।

মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতার শিশুদের দুই-তৃতীয়াংশই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বন্দি সব শিশু কারাগারে থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি আরও জানায়, ২০০০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৯ হাজার শিশুকে বন্দি করা হয়েছে; যাদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে।