হবিগঞ্জে পরিবহন ধর্মঘট, ৫ দফা দাবি
হবিগঞ্জ সংবাদদাতা :

ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধসহ শ্রমিক নেতাদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে আজ সোমবার সকাল ৬টা থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে দুরপাল্লার কোথায় বাস ছেড়ে যায়নি। এর ফলে সাধারণ যাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
গতকাল রবিবার বিকেলে সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সভায় ধর্মঘটের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ ৪ জেলার নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ও হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী জানান, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার, সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল আদায় ও লিজ বন্ধকরা পৌরসভার নামে টোল আদায় বন্ধের দাবিসহ আরো কয়েকটি চুক্তিক দাবি বাস্তবায়নের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘট চলাকালে পরিবহনগুলো বন্ধ থাকার কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের দাবি নেমে নিলে আমরা ধর্মঘট প্রত্যাহার করবো। এদিকে সোমবার সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার শ্রমিক নেতৃবৃন্দকে বৈঠকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান সজিব আলী।



